আন্তর্জাতিক ডেস্ক
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু করার অভিযোগ নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এনভিডিয়া জানিয়েছে, স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের স্বাধীন আইনজীবীদের সহায়তায় তদন্ত তদারক করবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ দেখছে না পর্ষদ। তদন্তে প্রাপ্ত সব তথ্য পর্যালোচনা করা হবে।
নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল। ওই প্রতিবেদনগুলোতে মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ তোলা হয়েছে। তবে এনবিসি জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব অভিযোগ নিশ্চিত করতে পারেনি। একই পদবি হলেও অ্যালিস ও জেনসেন আত্মীয় নন।
এদিকে কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। নিজের আচরণে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, হুয়াং তদন্তকে সমর্থন করছেন এবং পূর্ণ সহযোগিতা করতে সম্মত হয়েছেন। তদন্ত চলাকালে তিনি কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং চীনের বিরুদ্ধে অপপ্রচার বলে অভিহিত করেছেন।
সূত্র: এবিসি নিউজ ও এনবিসি নিউজ
প্রতিবেদন: রাসেল রানা


