বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার ক্ষেত্রে ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নেওয়া যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষা এবং করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর বিধানও সহজ করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
নতুন সার্কুলার অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। এর আগে এ ক্ষেত্রে অনুমোদন ছাড়া ডলার নেওয়ার সর্বোচ্চ সীমা ছিল ১৫ হাজার।
বিদেশে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে স্কুল পর্যায়ের শিক্ষার খরচ মেটাতে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষার জন্য এডি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত প্রশিক্ষণমূলক কোর্সের পাশাপাশি করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের ফি পরিশোধের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হবে না।
অন্যদিকে, আরএফসিডি হিসাব সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা এ ধরনের হিসাবে জমা রাখতে পারবেন। তবে এ ক্ষেত্রে বিদেশ থেকে আনা অর্থ সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা করতে হবে।
-রাসেল রানা


