কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, দাম ১২ হাজার টাকা

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ইলিশ। মাছটি নিলামে বিক্রি হয়েছে ১২ হাজার ১১২ টাকায়। বড় আকৃতির এই ইলিশকে ঘিরে আশাখালী মৎস্য বন্দরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাছটি বন্দরে নিয়ে আসার পর সেটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

পরে মেসার্স তুবা ফিসের আড়তে মাছটি নিলামে তোলা হয়। এ সময় প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা। সব মিলিয়ে মাছটির দাম দাঁড়ায় ১২ হাজার ১১২ টাকা।

জেলে নূর আলম বিশ্বাস জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জালে বড় ইলিশ ধরা পড়লে আনন্দ লাগে। বাজারেও ভালো দাম পেয়েছেন তিনি। বড় মাছ ধরা পড়লে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভালো দাম পেলে পরিবারের খরচ মেটাতেও সুবিধা হয়।

মাছটির ক্রেতা মামুন মৃধা বলেন, বাজারে সচরাচর এত বড় ইলিশ পাওয়া যায় না। তাই বড় আকৃতির এই মাছটি ভালো দামেই বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, দুই কেজির বেশি ওজনের ইলিশ খুব একটা বাজারে আসে না। এ কারণে এমন মাছ বন্দরে উঠলে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি সংরক্ষণ কার্যক্রম মেনে চলার পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *