টঙ্গীতে ৯ বছরের শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার (৯ নভেম্বর) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক রাব্বি হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষার্থী মো. ওসমান গণি নাঈমের (৯) শরীরের পেছনের অংশে গত ৪ নভেম্বর বিকেলে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক রাব্বি হোসেনের বিরুদ্ধে। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়।

পরে রোববার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

ওসি মাকছুদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানান ওসি। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর টঙ্গীর অন্য একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদ (৩০) বর্তমানে কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *