লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ ৩ জন নিহত, আহত অন্তত ১৫

মো. সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি নাফিজ এন্টারপ্রাইজের আনন্দ পরিবহন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় রাস্তার মাঝখানে থাকা অতিরিক্ত ইটের খোয়া ও ছোট পাথরের কারণে বাসের চাকা পিছলে যায়। এ সময় চালক হঠাৎ জোরে ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

যাত্রীদের অভিযোগ, বাসের অতিরিক্ত গতি দেখে তাঁরা চালককে বারবার গতি কমানোর অনুরোধ করেছিলেন। তবে চালক তাঁদের অনুরোধে কর্ণপাত করেননি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালিত অটোরিকশা ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত অন্তত ১৫ থেকে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *