স্বামীর দ্বিতীয় বিয়ে ও দীর্ঘদিনের নির্যাতনের ক্ষোভ থেকে ঘুমন্ত স্বামী হারুনকে শিলপাটা দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রত্নার বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। পিবিআইয়ের ছায়া তদন্তে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি জানান, ২০০৯ সালে পাবনার মো. হারুনের সঙ্গে কুড়িগ্রামের মোসাম্মৎ রত্নার বিয়ে হয়। জীবিকার প্রয়োজনে পরে তারা ঢাকার আশুলিয়ায় আসেন এবং দুজনই একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তানের জন্ম হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, বিয়ের দেড় বছর পর হারুন রত্নাকে পাবনায় পাঠিয়ে দেন এবং পরে তার ভরণপোষণ বন্ধ করে দেন। একপর্যায়ে রত্না আশুলিয়ায় ফিরে এসে দেখতে পান, হারুন অন্য এক নারীকে নিয়ে সংসার করছেন। ওই নারীকে ছেড়ে দেওয়ার কথা বললে হারুন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এম এন মোর্শেদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে ঘুমন্ত হারুনকে শিলপাটা দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করেন রত্না। এরপর মরদেহ ঘরে রেখে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।
তিনি আরও জানান, গত ৩ নভেম্বর আশুলিয়ার মরিচকাটার একটি বাসা থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে ৬ নভেম্বর রত্নাকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় পিবিআই।
এ ঘটনায় রত্না ছাড়া অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার।


