ছাত্রলীগের ধর্মঘটেও সচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চলছে ক্লাস-পরীক্ষা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাভাবিক নিয়মেই চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও পরিবহন ব্যবস্থা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলেছে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, নির্দিষ্ট স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন ছেড়ে যাচ্ছে। ক্যাম্পাসের সড়কেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অন্য দিনের মতোই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

এর আগে ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের কাছে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবিও জানান তিনি।

প্রকাশিত ফোনালাপের বিবরণ অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা মঙ্গলবারের ধর্মঘটের কথা উল্লেখ করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার দাবি জানান আবরার। জবাবে প্রক্টর বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন।

এদিকে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *