নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল (সোলার) স্থাপন করা না হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করতে হবে। এ জন্য ইতোমধ্যে পৌরসভাগুলোতে অর্থ বরাদ্দ পাঠানো হয়েছে। তবে অর্থ পাঠানোর পরও অধিকাংশ পৌরসভায় এখনো সোলার প্যানেল স্থাপন করা হয়নি।

তিনি প্রকৌশলীদের দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রথমে পৌরভবনের বিদ্যুতের চাহিদা পূরণ করতে হবে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে হবে।

এ সময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। নাগরিকরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় পৌরসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সেমিনারে প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও উদ্যোগের বিষয়েও আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *