জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন
সিরাজগঞ্জে চলতি মৌসুমে জলপাইয়ের ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন গ্রামে গাছভরা জলপাই সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আকারভেদে প্রতি মণ জলপাই ৬০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব জলপাই পাইকারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট ও ঘোড়াচড়াসহ বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে জলপাই চাষ না হলেও গ্রামের সড়কের পাশে ও বাড়ির আঙিনায় রয়েছে অসংখ্য জলপাই গাছ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এসব গাছে ভালো ফলন হয়েছে। ফলে প্রতিদিন গাছ থেকে জলপাই সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এক বছরের জন্য জলপাই গাছ কিনে নেন। প্রতিটি গাছে ৮ থেকে ১০ মণ পর্যন্ত জলপাই পাওয়া যায়। ফল পরিপক্ব হলে গাছ থেকে সংগ্রহ করে বস্তায় ভরে নিয়ে যাওয়া হয় বাগবাটি হাটে।
জলপাই ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, প্রতি বছর এ মৌসুমে ক্রেতা-বিক্রেতার পদচারণায় জমজমাট হয়ে ওঠে বাগবাটির জলপাই হাট। প্রায় তিন মাস ধরে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। প্রথমে গাছ থেকে জলপাই সংগ্রহ করে হাটে আনা হয়। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
আরেক পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, জলপাই ধুয়ে প্রস্তুত করার পর বস্তায় ভরে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। আকারভেদে প্রতি মণ জলপাই ৫০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চলতি বছর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লাভ তুলনামূলক কম হচ্ছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত জানান, জলপাইয়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে প্রায় ৯০৫ মেট্রিক টন জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


