২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট’-এর অধীনে চালু হতে যাচ্ছে ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

কর্মসূচির আওতায় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই তফসিলি ব্যাংকের উপজেলা শাখার মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের ব্যবসার পরিকল্পনা যাচাই করে এই অর্থ প্রদান করা হবে।

অর্থায়ন ও শর্তাবলি:

  • মোট অর্থায়ন: একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।
  • ঋণ ও অনুদানের অনুপাত: মোট অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।
  • সুদের হার ও জামানত: গ্রাহক পর্যায়ে সুদের হার থাকবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। সবচেয়ে বড় সুযোগ হলো—এই অর্থায়নের জন্য কোনো প্রকার সহায়কা বা জামানত (Collateral) লাগবে না।
  • বিশেষ নিয়ম: নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং গ্রাহক প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবেন।

যাঁরা আবেদন করতে পারবেন:

  • বয়স ও বাসস্থান: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
  • যোগ্যতা: পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই; শুধু বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসার ধারণা থাকলেই আবেদন করা যাবে।
  • খাতসমূহ: কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, প্রযুক্তি ও সেবাসহ যেকোনো বৈধ খাত।
  • আবেদন ফি: আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। নির্ধারিত ফরমে স্ব-স্ব উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে।

শুরুর এলাকা ও ভবিষ্যৎ পরিকল্পনা: প্রাথমিকভাবে ৮টি বিভাগের ৮টি জেলায় (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা) কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম ধাপে ৬৪টি উপজেলার প্রতিটি থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে বাছাই করা হবে। পরবর্তীতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণকে এই কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *