সেতুর অপেক্ষায় ভোলা, সড়ক সংযোগে খুলতে পারে শিল্প ও পর্যটনের দুয়ার

প্রাকৃতিক গ্যাস, শিল্পায়ন ও পর্যটনের সম্ভাবনা থাকলেও মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের অভাবে পিছিয়ে রয়েছে দ্বীপজেলা ভোলা। দীর্ঘদিনের দাবির পর ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। পাশাপাশি ঘোষণা এসেছে নতুন মহাসড়ক নির্মাণের। তবে প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না থাকায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের প্রত্যাশা, সেতু ও সড়ক যোগাযোগ গড়ে উঠলে যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি জেলার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে শিল্পকারখানা, কর্মসংস্থান ও পর্যটন খাতের বিকাশ ঘটানো সম্ভব হবে।

২০২৪ সালে ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে সেতু বিভাগ। প্রস্তাব অনুযায়ী, বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা।

২০২৫ সালের মে মাসে প্রকল্পটি নিয়ে ভোলায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সেতু কর্তৃপক্ষ। তবে এরপর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় আন্দোলনকারীরা।

অন্যদিকে, গত আগস্টে রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে জেলাটিকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রকল্পে নতুন করে সাড়ে ২১ কিলোমিটার সড়ক নির্মাণ এবং বিদ্যমান সড়ক প্রশস্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইলিশা চ্যানেল এবং হিজলা-মেহেন্দীগঞ্জের মাঝকাটা এলাকায় যথাক্রমে ১ হাজার ৪০০ মিটার, ১ হাজার ৩০০ মিটার ও ৩০০ মিটার দৈর্ঘ্যের তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের হিসাবে, প্রস্তাবিত যোগাযোগব্যবস্থা বাস্তবায়িত হলে ভোলা থেকে শরীয়তপুর ও ঘোষেরহাট হয়ে ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের মাধ্যমে শিগগির কাজ শুরুর কথা রয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে স্থানীয় প্রশাসন মতবিনিময়ও করেছে।

সেতু নির্মাণের দাবিতে ইতোমধ্যে গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদেও দ্রুত কাজ শুরুর ঘোষণা এসেছে। কিন্তু নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং প্রকল্পের বর্তমান অবস্থা স্পষ্ট না হওয়ায় তারা আবারও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন।

সেতু আন্দোলনের সদস্য শরীফ হোসেনের মতে, দীর্ঘ বিলম্বে ভোলার মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আন্দোলনের অন্যতম নেতা এনামুল হক জানান, সামান্য দুর্যোগেই জেলার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। এতে চিকিৎসা ও শিক্ষাসহ প্রয়োজনীয় সেবা নিতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

ভোলার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে সরাসরি সড়ক সংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হুমায়ুন কবির সোপান বলেন, গ্যাসভিত্তিক শিল্পকারখানা, কর্মসংস্থান ও পর্যটনের ক্ষেত্রে জেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সড়ক যোগাযোগের সীমাবদ্ধতায় সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

দ্রুত সেতু নির্মাণের তাগিদ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীরও। তার মতে, বরিশালের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *