রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে প্রমাণিত হয়েছে। হত্যাকাণ্ডের নৃশংসতা বিবেচনায় তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত।
অন্যদিকে, স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্ট জানান, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যায় তার স্ত্রীর সহযোগিতার কোনো তথ্য নেই। স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন বা ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথিপত্র অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর ঘটনা আড়াল করতে হত্যা করেন। পরে পাশের ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।
গত ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায়, ৭ জুন দেওয়া রায়ে ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিলও করেন আসামিরা। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হয়।
রায় ঘোষণার আগে হাইকোর্ট প্রাঙ্গণে রামিসার বাবা সাংবাদিকদের কাছে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকার প্রত্যাশা জানান। বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ধন্যবাদও জানান তিনি।


