সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে সম্প্রতি বিদায় নেওয়া আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ফুটবল বিশ্বের সর্বকালের সেরা বা ‘গোট’ (GOAT) বিতর্ক নতুন করে তুঙ্গে উঠেছে। ৩৯ বছর বয়সী এই মহাতারকার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ব্র্যান্ডেড বিজ্ঞাপনে দাবি করা হয়েছে—ফুটবল ইতিহাসের এই বহুপ্রতীক্ষিত বিতর্ক এখন পুরোপুরি মীমাংসিত।
বিজ্ঞাপনটি বিয়ার ব্র্যান্ড ‘মিশেলব আল্ট্রা’ (Michelob ULTRA)-র ‘ট্যাব ক্লোজড’ প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একজন বারটেন্ডার সাধারণ বার-বিল বা হিসাব ক্লোজ করছেন। তবে এই লম্বা রসিদে প্রচলিত কোনো খাবার বা পানীয়ের অর্ডারের বদলে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অবিশ্বাস্য সব মাইলফলক।
রসিদে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৭টি ম্যাচ, ১২৫টি গোল এবং তাঁর অর্জিত প্রধান শিরোপাগুলো—যার মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া ৬টি বিশ্বকাপে অংশ নিয়ে ২১টি গোল, ২৩টি জয় এবং ৯৯টি গোলের সুযোগ তৈরির রেকর্ড স্পষ্ট তুলে ধরা হয়েছে।
তবে বিজ্ঞাপনটির সবচেয়ে বড় আকর্ষণের বিষয় ছিল শেষ অংশে লেখা এক লাইনের একটি বার্তা ‘গোট বিতর্ক: মীমাংসিত’। ফুটবলের ইতিহাসে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা কে তা নিয়ে দশকের পর দশক ধরে মেসির সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা চলে আসছে। রোনালদো আন্তর্জাতিক ম্যাচে গোল ও ক্যাটাগরিতে এগিয়ে থাকলেও তাঁর ঝুলিতে নেই কোনো বিশ্বকাপ ট্রফি। বিজ্ঞাপনটির বার্তা অনুযায়ী, ২০২২ সালের বিশ্বকাপ ট্রফি জয়ের মধ্য দিয়েই মেসি সর্বকালের সেরা হওয়ার বিতর্ক আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন।


