বাংলাদেশে শ্রমিকদের জন্য নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, সম্প্রতি শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রচেষ্টায় একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা
নতুন মজুরি কাঠামোর বিষয়ে রিজভী জানান, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে।
তার দাবি, নতুন নির্ধারিত এই মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে সংগঠনটি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশের অস্থিরতা নিয়ে অভিযোগ
দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তার দাবি, দেশের বাইরে থেকে ষড়যন্ত্রের মাধ্যমে কিছু কিশোর গ্যাং ও অনুসারীদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করেন রিজভী। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে কথিত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণের ওপর কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন বা কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ নেই।


