ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, মুনতারিন ফেরদৌস ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
তবে ডরিনকে কোন মামলায় এবং ঠিক কখন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর আলোচনায় আসেন মুনতারিন ফেরদৌস ডরিন। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি।


