রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন

মহানগর ডেস্ক | সংবাদ সারাদিন

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি নির্ধারিত রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হয়েছে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে নির্দিষ্ট কোম্পানির আওতায় বাস পরিচালনা শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন দীর্ঘদিনের পরিকল্পনা। বাস মালিক ও শ্রমিকদের অসহযোগিতা এবং প্রশাসনিক জটিলতার কারণে এতদিন উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি জানান, একসময় রাজধানীতে ৯৮টি বাস রুট ছিল। পরে তা কমিয়ে ৩২টিতে আনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ছয়টি রুটে কার্যক্রম শুরু হয়েছে।

নতুন ব্যবস্থায় গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। এ ছাড়া ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর এবং ঘাটারচর থেকে উত্তরা রুটেও নির্ধারিত কোম্পানির অধীনে বাস চলাচল করবে।

ডিএমপি কমিশনার বলেন, আগে ছয়টি রুটে ১৮টি আলাদা পরিবহন ব্যানারে বাস চলাচল করত। এখন সেগুলোকে নির্দিষ্ট কোম্পানির আওতায় আনা হয়েছে। এতে বাসের অসুস্থ প্রতিযোগিতা ও সড়কের বিশৃঙ্খলা কমবে বলে আশা করা হচ্ছে। নতুন ব্যবস্থায় চালক ও শ্রমিকেরা নির্ধারিত বেতনভিত্তিক ব্যবস্থায় কাজ করবেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে ২৫টি সার্কুলার বাস রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে ছোট আকারের বাস চক্রাকারে চলাচল করবে। পাশাপাশি ৩২টি রুটের বাসের জন্য আলাদা রং ও নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই নির্দিষ্ট রুটের বাস শনাক্ত করতে পারবেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে, যাত্রীদের ভোগান্তি কমবে এবং সড়কে প্রতিযোগিতাজনিত দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *