প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে তোরণ-ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার (৩১ অক্টোবর) খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে বিভিন্ন তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও ব্যস্ত সড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোয় প্রচারসামগ্রী লাগানো হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *