প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান

  

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ১৫  সেপ্টেম্বর | আপডেট: ১৫  সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়াররঞ্জে প্রশিক্ষণকালে মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। সাক্ষাৎ শেষে শহীদ সেনাসদস্যদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের এই আত্মত্যাগ জাতি সবসময় পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই দুঃসময়ে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শহীদ পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সকল প্রয়োজনে পাশে থাকবে বলে তিনি দৃঢ় আশ্বাস দেন। এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত সেনাসদস্যদের পরিবারের পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শহীদদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে পূর্ণাঙ্গ বাড়ি নির্মাণ, শহীদদের স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান এবং তাদের সন্তানদের পড়াশোনার সুবিধার্থে নিয়মিত মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়াররঞ্জে ট্যাংক ফায়ার করার সময় আকস্মিক গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শাহাদাত বরণ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে শহীদ আবু বকর সিদ্দিকের পক্ষে তাঁর স্ত্রী, শিশুকন্যা ও বাবা-মা এবং শহীদ তাসনিম রিফায়াতের পক্ষে তাঁর স্ত্রী, শিশুকন্যা ও বাবা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *