জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা বাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।
আটক বাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


