এ কে এম জাহিরুল ইসলাম, বগুড়া।
বেদনাবিধুর শহীদ বাবুর পুকুর দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে আজ ১১ নভেম্বর বুধবার সকাল ৮টায় শাজাহানপুর উপজেলার বাবুর পুকুর স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে স্মৃতিসৌধ চত্বরে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বাবুর পুকুরের তৎকালীন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পশারীসহ ১৪ জন শহীদ এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, সহসাধারণ সম্পাদক কমরেড সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি বায়োজিদ রহমান, সাংগঠনিক সম্পাদক আফ্রিক প্রান্ত, সাংস্কৃতিক সম্পাদক পলাশ চন্দ্র, জেলা সংসদ সদস্য টমিরাজ রায় ও আরবি খাতুন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায় প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্যের অবসান, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠিত হয়নি। মুক্তিযুদ্ধের যে শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ছিল, তা আজও পূর্ণতা পায়নি।
বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। এ লক্ষ্যে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে বৃহত্তর নয়া যুক্তফ্রন্ট গড়ে তুলে শোষণ-বৈষম্যবিরোধী সরকার প্রতিষ্ঠার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।


