মো. সাইফুল ইসলাম | নোয়াখালী।
নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে নুহা আক্তার (৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, শিশুটিকে শারীরিক নির্যাতন বা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহাতাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মহাতাপুর তালিমুর কুরআন নূরানী ও হাফেজী মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্রী ছিল নুহা। তার বাবা মো. শাহাদাত হোসেন সুমন এবং মা মৌসুমি আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির সড়কের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে শিশুটিকে ধর্ষণ বা শারীরিক নির্যাতনের পর হত্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


