ভারতের হায়দরাবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) নেতাকর্মীরা। সংগঠনের দুই শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে শুক্রবার (২০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে বিক্ষোভকারীরা মেটার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে সীমিত করা অ্যাকাউন্ট ও পোস্ট পুনরায় চালুর দাবি জানান বিক্ষোভকারীরা।
ঘটনার ভিডিওতে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও ক্যাফেটেরিয়া এলাকায় নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। কয়েকজনকে ফুলের টব ভাঙচুর করতেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুব কংগ্রেসের অভিযোগ, তাদের জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে মেটা। এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে এক্সে দেওয়া পোস্টে প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।
মেটার কাছে চারটি দাবি জানিয়েছে যুব কংগ্রেস। এর মধ্যে রয়েছে গত ছয় মাসে সরকারি নির্দেশে বন্ধ বা সীমিত করা ভারতীয় অ্যাকাউন্টের সংখ্যা প্রকাশ এবং রাহুল গান্ধীকে নিয়ে কিংবা নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করে দেওয়া পোস্ট আটকে দেওয়ার অভিযোগের ব্যাখ্যা। পাশাপাশি বিরোধী নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের ওপর বিধিনিষেধ প্রত্যাহার এবং ভারতের সংবিধানকে সম্মান করার আহ্বান জানিয়েছে তারা।
দাবি পূরণ না হলে আদালতে যাওয়ার পাশাপাশি রাজপথ ও মেটার কার্যালয়ে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
একই দাবিতে মুম্বাইয়েও মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পোড়ানো হয়।
এ ঘটনায় মেটার সমালোচনা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর ভারতে ব্যবসা করা উচিত, রাজনীতি নয়। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ভাঙচুরের নিন্দা জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড হায়দরাবাদের ব্যবসাবান্ধব পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।
অ্যাকাউন্টে বিধিনিষেধের কারণ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে মেটার বক্তব্য সরবরাহ করা প্রতিবেদনে উল্লেখ নেই।


