যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় হোয়াইট হাউসের ব্রিফিংয়ের মূল বিষয়সমূহ যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি এবং হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েইন মুলিন দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেখানে তারা এই পরিস্থিতির কারণ, ফ্লাইট পুনরায় চালু হওয়ার প্রক্রিয়া এবং মার্কিন আকাশসীমার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগের বিষয়ে আলোকপাত করেছেন।
সংবাদ সম্মেলনের মূল বিষয়গুলো হচ্ছে : পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, শনিবার জিএমটি সময় ০১:১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হবে, কারণ এয়ারলাইনগুলোকে এই বিঘ্নের ফলে সৃষ্ট সমস্যাগুলো কাটিয়ে উঠতে সময় নিতে হচ্ছে। ডাফি এই বিপর্যয়ের জন্য পুরোনো টেলিযোগাযোগ সরঞ্জামকে দায়ী করেছেন।
তিনি জানান, পুরোনো রাউটারগুলোতে অতিরিক্ত ডেটার চাপ পড়ার কারণেই এই সমস্যা হয়েছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, তদন্তকারীরা সাইবার হামলা বা এতে ইরানের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাননি; তবে কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্দেশ্যমূলক ক্ষতিকর কর্মকাণ্ডের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেয়নি। ডাফি স্বীকার করেছেন যে, এই বিঘ্নের জন্য বাণিজ্যিক এয়ারলাইনগুলো নয়, বরং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দায়ী।
তিনি সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত বিনিয়োগ না করা হলে ভবিষ্যতে আবারও এমন বিপর্যয় ঘটতে পারে। ডাফি আশা প্রকাশ করেছেন যে, হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়া সত্ত্বেও ‘থ্যাঙ্কসগিভিং’ ছুটির ভিড় শুরুর আগেই আকাশপথে ভ্রমণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে।
সূত্র :আলজাজিরা
-রাসেল রানা


