মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর পুনরায় যাওয়ার সুযোগ চেয়ে মানববন্ধন

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনরায় দেশটিতে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে শতাধিক কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মীদের দাবি, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তাদের অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দিতে হবে।

তবে বোয়েসেল বলছে, মালয়েশিয়ার নিয়োগকর্তাদের চাহিদার বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর সুযোগ নেই।

জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্ধারিত সময়ে বিমান টিকিট না পাওয়ায় ২০২৪ সালের ৩১ মে প্রায় ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। পরবর্তী সময়ে ২০২৫ সালে যৌথ কর্মী দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর্মীর মধ্য থেকে ১ হাজার ৫৩০ জনকে মালয়েশিয়ায় পাঠায় বোয়েসেল।

তবে আটকে পড়া কর্মীদের একাংশের অভিযোগ, তাদের অনেককে এ প্রক্রিয়া সম্পর্কে কিছু জানানো হয়নি। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হলেও তারা দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা জানান, মালয়েশিয়া যাওয়ার আশায় অনেকেই ঋণ করে অর্থ সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশ যেতে না পারায় তারা আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এ পরিস্থিতিতে বয়সের সীমাবদ্ধতা শিথিল করে তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, আগের সরকারের সময়ে যেসব এজেন্সির মাধ্যমে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি, সেসব এজেন্সির কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আইনের আওতায় আনতে হবে।

তিনি জানান, এরই মধ্যে ১ হাজার ৫৩৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ মে যেতে না পারা কর্মীদের সবার সঙ্গে যোগাযোগ করেই তাদের জন্য নির্ধারিত কোটা বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *