বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবারই প্রথম তিনি এ তালিকায় স্থান পেলেন।

প্রকাশনার তথ্যমতে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।

অন্যদিকে, ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শীর্ষ ৫০-এর মধ্যে ৫০তম অবস্থানে থাকা ড. মুহাম্মদ ইউনূসের নাম ২০২৭ সালের সংস্করণে নেই।

আরআইএসএসসির প্রকাশনা অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।

তালিকায় কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে মোট তিনজন ব্যক্তিত্ব মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *