কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি স্থায়ী দানসিন্দুক খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে এসব টাকা গণনায় অংশ নিয়েছেন ৫৯৯ জন।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, মসজিদের তহবিলে আগে থেকেই জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এই অঙ্ক এবারের দানসিন্দুকে পাওয়া টাকার পরিমাণ নয়; নতুন করে পাওয়া টাকার গণনা এখনো চলছে।
সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিন্দুক থেকে টাকা বের করে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। গণনায় অংশ নিচ্ছেন জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী ও জেলা প্রশাসনের ২৪ কর্মচারী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি গণনা কার্যক্রম পরিচালনা করছে। নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ ২৭ জুন দানসিন্দুক খোলা হয়েছিল। সেবার পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে অর্থ রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা দেওয়া হয়। স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে রাখা হয় জেলা ট্রেজারিতে।
তিনি আরও জানান, মসজিদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে অনুদান দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। অনলাইনে এ পর্যন্ত পাওয়া অনুদানের পরিমাণ ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১১ মার্চ থেকে বিভিন্ন সময়ে দানসিন্দুকে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। গত ১২ অক্টোবর সেগুলো খুলে গণনা করা হয়।
এতে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে পাওয়া গেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।
সংরক্ষিত স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


