অসময়ের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি, ৫০ কোটি টাকা লোকসানের আশঙ্কা

Table of content

Table of content

অসময়ে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে পচন ধরেছে আমন ধান, আলুসহ বিভিন্ন ফসলে। এতে ৫০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। ঋণ ও ধারদেনা করে আবাদ করা ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। পানি কমতে শুরু করলে ফসলের ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। জমিতে দীর্ঘ সময় পানি আটকে থাকা এবং পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন ফসলে পচন ধরে।

বৈরী আবহাওয়ায় আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্টা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান ও আলুর আবাদ। মাঠ থেকে পাকা ধান সংগ্রহের আগেই অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।

সরকারি হিসাব ও কৃষকদের দাবিতে বড় ব্যবধান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার চার উপজেলায় চলতি মৌসুমে ৮১ হাজার ৮৪৯ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছে। এর মধ্যে এখনো মাঠে রয়েছে ৭০ হাজার ৩১ হেক্টর জমির ফসল।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

জেলায় এবার রোপা আমন ধান আবাদ হয়েছে ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬ হাজার ১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর এবং সরিষা ৮৭৮ হেক্টর জমিতে।

তবে কৃষকদের দাবি, সরকারি হিসাবের তুলনায় বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাদের আশঙ্কা, জেলায় ফসলের ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। মাঠপর্যায়ে যথাযথভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বাকিতে বীজ, সার ও কীটনাশক কিনে ফসল আবাদ করেছেন অনেকে। শ্রমিকের মজুরি ও সেচ খরচ মেটাতেও ধারদেনা করতে হয়েছে। এখন ফসল নষ্ট হওয়ায় উৎপাদন ব্যয় মেটানো এবং ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত অনেক জমিতে নতুন করে ফসল আবাদের সুযোগ না থাকায় আর্থিক সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার আশ্বাস

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *