নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন ইরানের, প্রদর্শনে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র

উৎপাদনব্যবস্থাও ভূগর্ভে সরানোর দাবি আইআরজিসির; প্রকাশ করা হয়নি স্থাপনার অবস্থান ও অস্ত্রের সংখ্যা

রাসেল রানা
সংবাদ সারাদিন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রকাশিত ছবি ও ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের সরঞ্জাম দেখানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থাপনাটির ছবি প্রকাশ করে আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম। উন্মোচন উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভির উপস্থিতির কথা জানানো হয়।

প্রকাশিত ফুটেজে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ভূগর্ভস্থ স্থাপনার বিভিন্ন অংশ পরিদর্শন করতে দেখা যায়। তবে স্থাপনাটি কোথায় অবস্থিত কিংবা পরিদর্শনটি ঠিক কবে হয়েছে, তা প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সপ্তাহ’ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাসহ কয়েকটি সামরিক অর্জন তুলে ধরা হবে।

মোহেব্বির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলো দ্রুত ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে স্থানান্তর করেছে বাহিনীটি। শুধু অস্ত্র সংরক্ষণের গুদাম নয়, মাটির গভীরে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্যও অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনাকে তিনি ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন শহর’ হিসেবে উল্লেখ করেন।

ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড ও নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে দাবি করেন তিনি। তবে এই সক্ষমতার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নতুন স্থাপনাটিতে কত ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলোর নির্দিষ্ট মডেল কী কিংবা এর কার্যক্রমের পরিধি কতটুকু—এসব তথ্যও প্রকাশ করা হয়নি।

বিমান হামলা থেকে অস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণব্যবস্থা রক্ষার উদ্দেশ্যে বহু বছর ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামো গড়ে তুলছে ইরান। দেশটি এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ নামে পরিচিত করে আসছে। এবারের ঘোষণায় সংরক্ষণের পাশাপাশি ভূগর্ভে উৎপাদন চালু রাখার সক্ষমতার ওপরও গুরুত্ব দিয়েছে আইআরজিসি।

সূত্র: তাসনিম, গালফ নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *