ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে গেলেও এখনো পুরোপুরি শান্ত হয়নি বঙ্গোপসাগর। এ পরিস্থিতিতে জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। পরে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ এবং পর্যায়ক্রমে নিম্নচাপে পরিণত হয়।
শনিবার সকাল ৬টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
রোববার (২২ নভেম্বর) দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার (২৩ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


