সংবাদ সারাদিন | নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ধর্মমন্ত্রী।
চুক্তি সম্পাদনের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও ৫ হাজার বাড়িয়েছেন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন।


