সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতাও

সংবাদ সারাদিন | নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে চাকরি ফিরে পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন শরীফ উদ্দিন। তাঁর আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তাঁর পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দুদকের চাকরিতে ফিরলেন শরীফ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *