রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সাবেক দুই নেতা আটক

সংবাদ সারাদিন | রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সাবেক সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রামেক হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন বৈঠকের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ রানা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের কক্ষে যান। এ খবর পেয়ে শিক্ষানবিশ চিকিৎসকরা পরিচালকের কক্ষের সামনে জড়ো হন।

একপর্যায়ে তারা কক্ষে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। তবে সেখানে প্রবেশ করতে না পেরে ছাত্রলীগের ওই দুই সাবেক নেতা ও হাসপাতাল পরিচালককে অবরুদ্ধ করে রাখেন।

পরে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে পরিচালকের কক্ষ থেকে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের রাজপাড়া থানা হেফাজতে নেয়। এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ মো. শামীম আহমেদ জানান, ওই দুই চিকিৎসকের দুই বছরের জন্য ইন্টার্নশিপ বাতিল করা হয়েছিল। সেই ইন্টার্নশিপ পুনর্বহালের বিষয়ে পরিচালকের সঙ্গে দেখা করতেই তারা এসেছিলেন।

তিনি আরও বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে শিক্ষানবিশ চিকিৎসকরা বিষয়টিকে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে মনে করেছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *