সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট

নিজস্ব প্রতিবেদক | সংবাদ সারাদিন

জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ৪৩ কোটি ঘনফুট কমেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৫৪ কোটি ঘনফুট।

এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে আসে ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট।

তবে দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় ২১১ কোটি ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাসের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে ৫৪ কোটি ঘনফুটে নেমে আসে।

পেট্রোবাংলা গত ১ নভেম্বর জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে না।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *