সাশ্রয় হওয়া ৪.৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন ৪,৩৪১ জন সরকারি হাজী: ধর্মমন্ত্রী

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ 

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজীকে উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।

তবে হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজীদের ফেরত দেয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজ প্যাকেজ-১-এর হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজীরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন।

দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। একই সঙ্গে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে হজ পালনকারীরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। আর তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজীরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।

হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজীরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজীরা ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পাবেন।

এছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজীরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন।

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজীরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজীরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে পাবেন।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজীরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।

অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রতিটি হাজী ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *