চট্টগ্রামে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা; বুধবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস
সংবাদ সারাদিন ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ১১ নভেম্বর সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির বিস্তৃতি বাড়ার আভাস রয়েছে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


