মো. সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা ভয়াবহ আগুনে বেদে সম্প্রদায়ের দুটি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘর দুটিতে বসবাসকারী ৯টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় একটি বানর পুড়ে মারা গেছে এবং আগুন নেভানোর সময় আহত হয়েছেন ইসমাত আরা নামে এক নারী।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তাঁর পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে দুই ব্যক্তির মালিকানাধীন দুটি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এসব ঘরে ৯টি পরিবার বসবাস করত। প্রাথমিকভাবে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, স্বর্ণালংকারসহ তাদের ৪০ লাখ টাকারও বেশি সম্পদ পুড়ে গেছে।
এদিকে, আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে ইসমাত আরা নামে এক নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আগুনে ঘরের ভেতরে শিকলে বাঁধা একটি বানরও পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।


