রাজধানীতে নাশকতার চেষ্টার অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩

সংবাদ সারাদিন | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের সময় বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে তিনি বলেন, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা অর্থের বিনিময়ে নিয়োগ করা ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দাবি, অর্থের বিনিময়ে এসব ব্যক্তিকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *