‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে’: ঢাকার নদ-নদী রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ 

রাজধানীর চারপাশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, শুধু সরকারি নির্দেশনার ওপর নির্ভর না করে দেশের পরিবেশ রক্ষায় সবাইকে ব্যক্তিগত জায়গা থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এর সাথে সংযুক্ত বিভিন্ন খাল ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ, আবর্জনা ও বর্জ্য অপসারণ, গতিপথ সংরক্ষণ এবং রাজধানীর বৃত্তাকার নৌপথের (Circular Waterway) কার্যকারিতা বৃদ্ধির বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা কেবল বর্তমান সময়ের জন্য ভাবছি না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য দেশ এবং দূষণমুক্ত নদী রেখে যেতে হবে। এ জন্য এ যাবৎ গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজের সঠিক সমন্বয় অত্যন্ত জরুরি।”

উচ্চপর্যায়ের সভায় উপস্থিতি সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন:

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য প্রতিমন্ত্রী, সচিবগণ এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *