বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে সময় সংবাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই অভিযোগে তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধেও মামলার অনুমোদন দেওয়া হয়।

সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *