পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিতে সরকার আগ্রহী এবং তাদের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ইউএন গ্লোবাল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সরকার ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আগ্রহী এবং তাদের দাবির সঙ্গে একমত।
শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও দাবি পূরণে সরকার প্রস্তুত। তবে এই আন্দোলনকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে পতিত সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের অর্থ লুটপাট ও পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ যখন গণতান্ত্রিক পথে এগোচ্ছে, অর্থনীতি সচল হচ্ছে এবং ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা ফিরছে, তখনই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, তখনই অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সরকার স্থিতিশীল রয়েছে। সবকিছুরই একটা সীমা আছে। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ সময় মানব পাচার ও অবৈধ অভিবাসন বন্ধে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পৃথক মাইগ্রেশন উইং চালু করা হয়েছে। পাশাপাশি মানব পাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে সরকার।


