জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন পরীমণি। এ সময় তার পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করেন, এ মামলায় পরীমণি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ পরবর্তী সময়ে শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। এ ছাড়া তার গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানির দিন থাকলেও তা পিছিয়ে ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।


