সংবাদ সারাদিন | নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত চালক সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গাড়িটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতায় সিলভার রঙের প্রাইভেটকারটির সামনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ফেটে যায় এবং মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ-৩৭৯১৪০।
প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক তাসলিমা নাবিলা ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের সঙ্গে যুক্ত।
বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজনেস ফ্যাকাল্টি ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


