গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যানও মোতায়েন রাখা হয়েছে।

গত কয়েক দিনে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সহিংসতার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। সরবরাহ করা প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের পর প্রথম দফায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এরপর রোববার (১৫ নভেম্বর) জেলা শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখাসহ কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়। পরদিন সোমবার বদলি করা হয় তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় বিজিবির সংখ্যা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *