সংবাদ সারাদিন | আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধকে কেন্দ্র করে এবার অভিশংসনের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এতে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। তবে এ উদ্যোগকে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন হেগসেথ।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবার পৌঁছেছে প্রতিরক্ষা দপ্তরে। হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ এনে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন থমাস ম্যাসি। তাঁর অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আইন লঙ্ঘন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায়ও হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
প্রস্তাবে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ভুল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন ম্যাসি।
অন্যদিকে, অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছেন হেগসেথ। তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ উদ্যোগে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। তবে রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেছেন, বিদেশে সামরিক সংঘাত চলার সময় প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসন নিয়ে এগোনো ঠিক হবে না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও মত, এ উদ্যোগ অন্যায্য।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে বুধবারই প্রস্তাবটি নিয়ে ভোট হতে পারে। সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অভিশংসন অনুমোদিত হলেও হেগসেথকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।


