জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন
ভারতকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করে দেশটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে মানুষ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে ভারতের নীরবতা বাংলাদেশের জন্য শঙ্কার কারণ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাসনাতের দাবি, দেশের বাইরে পালিয়ে থাকা ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, অথচ দেশে অবস্থানকারীদের ক্ষেত্রে শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই শ্রমিকদের সতর্ক থাকতে হবে, যাতে তাদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এনে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারও নেই। এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার রায় ঘোষণাকে আনন্দের বিষয় উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সরকারের কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা দেখানোর সময়।
এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এখন এনসিপি। তাঁর দাবি, এনসিপি সক্রিয় থাকলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ থাকবে না।
তিনি আরও অভিযোগ করেন, হবিগঞ্জের এক ব্যক্তির নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মাধ্যমে, নাকি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে—তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।


