লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে বিরূপ প্রভাব পড়েছে। ক্ষতির আশঙ্কায় রয়েছেন ধানসহ বিভিন্ন শাক-সবজি চাষিরা। অন্যদিকে স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় শীতকালীন সবজির দামও বেড়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২১ নভেম্বর) ভোরে শহরের প্রধান বড়বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। গত দুই দিনের বৃষ্টিতে স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় বাইরের এলাকা থেকে আমদানি করা সবজির ওপর নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।
বিক্রেতারা আরও জানান, বৃষ্টি কমে গেলেও এর প্রভাব আগামী ১৫ দিন পর্যন্ত বাজারে থাকতে পারে। এ সময়ে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে টানা দুই দিনের বৃষ্টিতে রবিশস্যের আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বৃষ্টিপাত অব্যাহত থাকলে মাঠের আধাপাকা ধানসহ বিভিন্ন শাক-সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, অসময়ের বৃষ্টিতে ধান, শাক-সবজিসহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, জমিতে যাতে পানি জমে না থাকে, সে জন্য নালা কেটে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ধানের জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হলে তিন থেকে চারটি ধানের ছড়া একসঙ্গে বেঁধে সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে।
কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ও ফসলের প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে সম্ভাব্য ক্ষতি কিছুটা কমানো সম্ভব।


