সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ | আপডেট: ১ আগস্ট ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ গত ২৮ জুলাই কলিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন এবং কলিমউল্লাহকে ‘নিশিরাতের ভোটের বৈধতা প্রদানকারী’ ও স্বৈরাচারের সুবিধাভোগী বুদ্ধিজীবী হিসেবে আখ্যা দেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রশীদ গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে বলেন, কলিমুল্লাহ কোনো সন্ত্রাসী নন, তিনি একজন শিক্ষক। তবে শুনানির একপর্যায়ে কলিমউল্লাহ নিজেই বলেন, ‘আমি জুলাই আন্দোলনের বিরোধিতা করিনি। আমার প্রতিবাদের রেকর্ড রয়েছে।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে মুস্তাঈন বিল্লাহ সাব্বিরের বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছিল এবং এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।


