আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম ভূঁইয়া বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’ গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ওই সময়ে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কারও ওপর জুলুম বা অন্যায় করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে সেলিম ভূঁইয়া বলেন, তাকে আটকের পর অনেকেই সমালোচনা করেছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, ৮৬ বছর বয়সেও তাকে আদালতের বারান্দায় যেতে হয়েছে এবং হ্যান্ডকাফ পরানো হয়েছিল।
নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হতো। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও ডিবি তাকে তুলে নিয়েছিল বলেও দাবি করেন তিনি। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল বলে জানান সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, তারা এসব ঘটনা ভুলে যাননি। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করেন না, তবে কেউ দুর্বল মনে করলে তাকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষাব্যবস্থায় বিগত সরকারের সময়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে শেখানো হয়েছে। তার দাবি, শিক্ষকদের দিয়ে এসব বিষয় বইপুস্তকে লেখানো হয়েছিল এবং শিক্ষার্থীদের তা পড়ানো হয়েছে।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হতেন, তাহলে ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। এমনকি লাশ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।


