আইসিসিবিতে দ্বিতীয় দিনেও জমজমাট প্রসাধনীর আন্তর্জাতিক প্রদর্শনী

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয় দিনেও জমজমাট ছিল প্রসাধনী শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। ছুটির দিনে প্রদর্শনী শুরুর আগেই দর্শনার্থীরা আইসিসিবি প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রদর্শনীস্থলে বাড়তে থাকে মানুষের ভিড়।

প্রথম দিন বৃহস্পতিবারও প্রদর্শনীতে দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল দেশিবিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখতে ও নতুন পণ্য সম্পর্কে জানতে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে আসেন। প্রদর্শনীতে স্কিনকেয়ার, প্রসাধনী, সুগন্ধি, চুলের যত্নের পণ্য ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীসহ সৌন্দর্য ও পরিচর্যা খাতের নানা ধরনের পণ্য নিয়ে স্টল সাজিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে শুধু পণ্য প্রদর্শন নয়, দর্শনার্থীর জন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগও রাখা হয়েছে।

পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মতো কার্যক্রমও অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও দেশিবিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এ খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’ প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘ইন্ডাস্ট্রি টক : দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনায় সৌন্দর্য ও প্রসাধনী খাতের দেশিবিদেশি বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের সৌন্দর্য ও প্রসাধনী শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্য দিয়ে দেশের বিউটি ও কসমেটিকস শিল্পের উদ্যোক্তা, ব্র্যান্ড ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *