মোঃ নাজিবুল রহমান নাসিম
লালপুর (নাটোর) প্রতিনিধি:
মাদক, ইমু আইডি হ্যাকিং, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নাটোরের লালপুর থানা পুলিশ। অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত অভিযান ও নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ। এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম পলাশ।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও লালপুর থানা পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ওসি শফিকুল ইসলাম পলাশসহ পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুধু অপরাধ দমন নয়, কিশোর অপরাধ প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে পুলিশ। সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান, পড়াশোনা এবং অভিভাবকদের তত্ত্বাবধানে থাকার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হচ্ছে। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
লালপুর থানা পুলিশের পক্ষ থেকে অপরাধমুক্ত উপজেলা গড়তে দিন-রাত অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।
পুলিশের আহ্বান, মাদক, জুয়া, সাইবার অপরাধ কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানান। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন।
লালপুরবাসীর প্রত্যাশা—পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত লালপুর।


